1. admin@viralbarta.com : admin :
  2. mohaiminulnews@gmail.com : Admin26 :
  3. vairalvarta@gmail.com : Mohibul Islam : Mohibul Islam
       
November 24, 2026, 2:40 am

বিএনপি এমপি পরিবারের হাতে বন্দরের সিসিটি: নাসীরুদ্দীন পাটোয়ারী

  • Update Time : Tuesday, November 24, 2026
  • 0 Time View

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড পাওয়ায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা নেওয়া এবং প্রতিযোগিতার পর্যাপ্ত সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, চট্টগ্রাম বন্দর এখন রাজনৈতিক প্রভাবশালীদের ব্যবসার ক্ষেত্র হয়ে উঠছে কি না।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য পেয়েছে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩০ কোটি ১৫ লাখ টাকার দরপ্রস্তাব দিয়েছে।

দরপত্রের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর পর্যন্ত দরপত্র কেনার সুযোগ ছিল এবং ১৯ নভেম্বর জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়। মাত্র দুই দিনের মধ্যে দরপত্র কেনা ও জমা দেওয়ার সুযোগ রাখা এবং চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের পর ছয় মাসের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও দরপত্রে অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ উঠেছে। একজন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান সরকারি চুক্তি পাওয়ার ক্ষেত্রে স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রকাশ করা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, সর্বনিম্ন দর দিলেই স্বচ্ছতা নিশ্চিত হয় কি না এবং অন্য যোগ্য প্রতিষ্ঠানগুলো সমান সুযোগ পেয়েছিল কি না। পুরো দরপত্র প্রক্রিয়া স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, সেটিও সামনে আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ ঘিরে সুবিধাভোগী ব্যবসার যে সংস্কৃতির সমালোচনা করা হয়েছে, সেই সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার বদলেছে, কিন্তু সরকারি চুক্তি পাওয়ার সংস্কৃতিও কি বদলেছে, নাকি শুধু সুবিধাভোগীদের পরিচয় বদলেছে?

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিসিটি পরিচালনায় ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের লক্ষ্যে গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরদিন ১৮ নভেম্বর ছিল দরপত্রের কাগজপত্র কেনার শেষ দিন। আর ১৯ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। ওই দিন দুপুর সাড়ে ১২টায় দরপত্র খোলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জয়েন্ট ভেঞ্চার, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ টাকা, বিঅ্যান্ডএম-ওশেনিয়া ৪০ কোটি ৪০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজ ৪২ কোটি ৭১ লাখ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ৪৪ কোটি ১৮ লাখ টাকা দরপ্রস্তাব দেয়।

বন্দর কর্তৃপক্ষের মূল্যায়নে চারটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নির্বাচনের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি সম্পন্ন করে বন্দর কর্তৃপক্ষ। ২৪ নভেম্বর রাত ১২টা থেকে প্রতিষ্ঠানটি সিসিটির পরিচালনার দায়িত্ব নেয়। ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত এ চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সিসিটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের ছয় বছরের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর নতুন অপারেটর হিসেবে দায়িত্ব নেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Viral Barta
Designed By Barishal Host